হার দিয়ে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। গ্রুপ–১ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হারে টাইগ্রেসরা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশ। জবাবে ৪ বল হাতে রেখে ৬ উইকেটে ১১৮ রান তুলে জয়ের স্বাদ নেয় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। এ ম্যাচের আগে যদি–কিন্তুর উপর টাইগ্রেসদের সেমির আশা বেঁচে ছিল। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে বিশ্বকাপ শেষ করল নিগার সুলতানার দল। গ্রুপ পর্বে পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারায় বাংলাদেশ। গতকাল লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম ডেলিভারিতে উইকেট হারায় টাইগ্রেসরা। গোল্ডেন ডাক মারেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। বাংলাদেশের আরেক ওপেনার তাজ নেহার ১২ বলে ১ রান করেন। ১৪ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশের হাল ধরেন সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার। ৬২ বলে ৫৬ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন তারা। দলীয় ৭০ ও ৭৭ রানে সাজঘরের পথ ধরেন দু’জনই। শারমিন ২২ এবং সোবহানা ৪২ রান করেন। ছয় নম্বরে নেমে ৪ রানের বেশি করতে পারেননি স্বর্ণা আকতার। ৯৫ রানে পঞ্চম উইকেট পতনের পর ইনিংসের শেষ ১১ বলে বাংলাদেশকে ২২ রান এনে দেন অধিনায়ক নিগার সুলতানা ও রিতু মনি। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১১৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ৩২ রান করেন নিগার। দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ইনিংসের প্রথম বলেই উইকেট শিকারে মেতে উঠে বাংলাদেশ। পেসার মারুফা আক্তারের দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মারেন দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটার ও অধিনায়ক লরা উলভার্ট। শেষ ১৫ বলে ১৬ রান দরকার পড়ে দক্ষিণ আফ্রিকার। কিন্তু শেষ পর্যন্ত ৪ বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিন আফ্রিকা।











