চট্টগ্রাম স্বাধীনতার বইমেলা মঞ্চে গত ১৩ এপ্রিল আয়োজিত ‘তারুণ্যের নির্ভীকতা বিজয়ের পথকে সুগম করে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা বলেন, বৃটিশ আমল থেকে শুরু করে বায়ান্ন’র মহান ভাষা আন্দোলন, একাত্তরের রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জন এবং চব্বিশের গণ–আন্দোলনসহ সব আন্দোলন–সংগ্রামে বিজয়ের মূল নিয়ামক ছিলেন তরুণসমাজ। এখনো দেশকে পথ দেখাচ্ছে তরুণসমাজ। তবে তরুণদের উন্নয়নে কোনো সরকারই পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি। সময়ের দাবি অনুযায়ী তরুণদের কল্যাণে নানামাত্রিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন জরুরি হলেও কথার ফুলঝুরি ছাড়া কিছুই দৃষ্টিগোচর হয়নি কখনো। ফলে আজ দেশে শিক্ষিত বেকার বাড়ছে। এতে তরুণরা হতাশায় নিমজ্জিত হচ্ছে। এমনটি কাম্য নয়। সরকারের উচিত হবে তরুণদের উন্নয়ন ও তাদের মেধা ও শ্রমকে দেশের উন্নয়নে কাজে লাগাতে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করা।
সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিজ এন্ড রিসার্চের (সিপিএসআর) নির্বাহী পরিচালক আবসার মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠক সাজ্জাদ হোসেন খান, চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সুমন, এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয়ক মোহাম্মদ বেলাল হোসেন, জুলাইযোদ্ধা ওমর ফারুক সাগর, আবদুল্লাহ আল মনির রাফি। সভাপতির বক্তব্যে আবসার মাহফুজ বলেন, অতীতের মতো আগামীতেও বাংলাদেশকে পথ দেখাবে ও এগিয়ে নিয়ে যাবে তরুণসমাজ। তাই তরুণসমাজকে শক্তি ও সম্পদে রূপান্তরের বহুমাত্রিক উদ্যোগ নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।














