আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, ডিগ্রি তোমাদের শেষ গন্তব্য নয়। এরপর সবাইকে চূড়ান্ত গন্তব্য আখিরাতের দিকে যেতে হবে। তাই এই জীবনের পাশাপাশি পরকালের জীবনেও ভালোভাবে চলার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। ভালো কাজের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করে পরিবার ও আইআইইউসির সুনাম অক্ষুণ্ন রাখার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে ফ্রেশার্স রিসেপশন অ্যান্ড ফেয়ারওয়েল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন উপ–উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ইঞ্জিনিয়ার মো. রাজু আহমেদ এবং ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানে ইটিইর অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শেষে ইটিই ক্লাবের সভাপতি মোহাম্মদ ওয়ালী উল্লাহ ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।













