স্পিনার মোহাম্মদ রুবেল ও ব্যাটার সাব্বির রহমানের নৈপুন্যে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) একাদশ। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল রোববার বাংলাদেশ এইচপি একাদশ ৩ উইকেটে হারিয়েছে হোবার্ট হারিকেন্স একাডেমিকে। রুবেল ৩ উইকেট নেন এবং সাব্বির ৪৫ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। ডারউইনের মারারা ওভাল স্টেডিয়ামে টস জিতে হোবার্ট হারিকেন্স একাডেমিকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ এইচপি একাদশ। ব্যাট হাতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান করে হোবার্ট হারিকেন্স একাডেমি। দলের হয়ে টিগাউ উইলি ৫৩ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন। ৪টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। রুবেল ৩টি, রিপন মন্ডল ২টি এবং আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন ১টি করে উইকেট নেন। জবাবে ১২ রানে ২ এবং ৬০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ এইচপি একাদশ। হাবিবুর রহমান সোহান–আরিফুল ইসলাম ও অধিনায়ক ইরফান শুক্কুর ৪ রান করে ও জিশান আলম ৯ রানে আউট হন। পঞ্চম উইকেটে ৪৬ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের আশা বাঁচিয়ে রাখেন সাব্বির ও শামিম হোসেন। ১৬ রানে শামীম ফিরলে দলীয় ১০৬ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। হাফ–সেঞ্চুরির স্বাদ নিয়ে ৫৯ রানে থামেন সাব্বির। তার ৪৫ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা ছিল। দলীয় ১১৪ রানে সাব্বির ফেরার পর ছোট–ছোট ইনিংসে ২ বল বাকী থাকতে বাংলাদেশ এইচপি একাদশের জয় নিশ্চিত করেন এসএম মেহেরব–আব্দুল গাফফার সাকলাইন ও আবু হায়দার। মেহেরব ১৩ রানে ফিরলেও, সাকলাইন ১৯ ও হায়দার ৮ রানে অপরাজিত থাকেন।












