কুঁচকির চোটে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। আজ সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া টেস্টে তাই একাদশে বাধ্যতামূলক পরিবর্তন আনতে হচ্ছে বাংলাদেশকে। মুশফিকের ১০৮ টেস্টের অভিজ্ঞতার ঘাটতি পূরণ করা কঠিন। তবে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে এমন বাস্তবতার কথাই তুলে ধরেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। সেঞ্চুরিয়নে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, মুশফিকের অনুপস্থিতি বড় ধাক্কা হলেও দলের অন্য ক্রিকেটারদের ওপর আস্থা রাখতে চান তিনি। আগের দুই টেস্টে মুমিনুল হক না থাকলেও হৃদয় যেভাবে দায়িত্ব নিয়েছেন, সেটিই অন্যদের কাছ থেকে প্রত্যাশা করছেন কোচ। সিমন্স বলেন, ‘১০৮ টেস্টের অভিজ্ঞতার ঘাটতি পূরণ করা সব সময়ই কঠিন। তবে আগের দুই টেস্টে আমরা দেখেছি, আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল না থাকলেও (তাওহীদ) হৃদয় দায়িত্ব নিতে পেরেছে। আমরা এভাবেই বিষয়টি দেখছি। যে–ই তার জায়গায় আসবে, সে দায়িত্ব নেবে এবং আমরা তার কাছে যা চাই, তা–ই করার চেষ্টা করবে। সে কারণেই তারা দলে আছে।’ কনুইয়ের চোটে সেঞ্চুরিয়ন টেস্টে নেই হাসান মাহমুদও। তার জায়গায় অন্য পেসারদের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গেও কথা বলেছেন কোচ। তার মতে, দলে থাকা অন্য পেসারদেরই এখন বাড়তি দায়িত্ব সামলাতে হবে। সিমন্স বলেন, ‘হাসান নেই, তবে আমাদের সঙ্গে আরও চারজন পেসার আছে। তাদের কাউকে না কাউকে তার বোলিংয়ের দায়িত্ব নিতে হবে।’ প্রথম টেস্টে বাংলাদেশের বোলিংয়ের লাইন ও লেংথে ঘাটতি দেখছেন সিমন্স। বিশেষ করে প্রতিপক্ষ ব্যাটারদের অফ স্টাম্প ও চতুর্থ স্টাম্পের লাইনে যথেষ্ট খেলাতে পারেননি বোলাররা। এই জায়গায় উন্নতি চান তিনি। প্রথম ইনিংসে ১২০ রানে ৫ উইকেট হারানোর পর ৪০০ রান করা অবশ্য ইতিবাচক হিসেবে দেখছেন কোচ। সিমন্স বলেন, ‘আমরা তাদের যে লাইনে বল করেছি, সেটি নিয়ে অনেক কথা হয়েছে। আমাদের মনে হয়েছে, আমরা প্রতিপক্ষ ব্যাটারদের যথেষ্ট খেলাতে পারিনি। এ জায়গায় উন্নতি করতে হবে। প্রথম ইনিংসে ১২১ রানে ৫ উইকেট হারানোর পর ৪০০ রান করতে পারা দারুণ ব্যাপার। এটি ইতিবাচক। তবে অফ স্টাম্প ও চতুর্থ স্টাম্পের লাইনে ব্যাটারদের আরও বেশি খেলাতে হবে।
দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে কাগিসো রাবাদার সঙ্গে আনরিখ নরকিয়ার ফেরার সম্ভাবনা বাংলাদেশের জন্য বাড়তি চ্যালেঞ্জ। তবে নরকিয়া কিংবা করবিন বশ প্রথম টেস্টে খেলবেন না, এমনটা ধরে নিয়ে প্রস্তুতি নেয়নি বাংলাদেশ। সিমন্স জানিয়েছেন, প্রতিপক্ষের সব পেসারের কথা মাথায় রেখেই প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘প্রথম টেস্টে নরকিয়া খেলবে কি খেলবে না এটা আমরা আগে থেকে জানতাম না। আমরা সব ধরনের পেসারের বিপক্ষেই প্রস্তুতি নিয়েছিলাম, সেটা দ্রুতগতির হোক কিংবা মাঝারি গতির। এবারও একইভাবে প্রস্তুতি নিচ্ছি।’ বাংলাদেশের ব্যাটারদের শরীর থেকে দূরে গিয়ে শট খেলার প্রবণতা নিয়েও কাজ করছেন কোচ। ব্যাটে লেগে স্টাম্পে বল গিয়ে বোল্ড হওয়ার ঘটনা এড়াতে ব্যাটারদের শরীরের কাছাকাছি থেকে খেলার পরামর্শ দেওয়া হচ্ছে। সিমন্সের ব্যাখ্যা, ‘শরীর থেকে দূরে গিয়ে খেললে এমনটা হয়। আমরা চেষ্টা করছি, কেউ যেন শরীর থেকে দূরে গিয়ে শট না খেলে। কারণ, এভাবে খেললে ব্যাটে লেগে স্টাম্পে বল যাওয়ার সম্ভাবনা থাকে।’











