জীবন মান উন্নয়নে জেলে পরিবারের মধ্যে কারিগরি শিক্ষাসহ কর্মমুখী শিক্ষার জন্য সরকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় ইলিশ উৎপাদন বৃদ্ধি করতে সরকারের নিষেধাজ্ঞা মেনে ২২ দিন ইলিশ আহরণ থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি গত ৯ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের জন্য জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে ইলিশসহ সমুদ্রে সকল মাছ আহরণ থেকে বিরত থাকা চট্টগ্রাম মহানগরের ৩৯ নং ওয়ার্ড আকমল আলী ও ৪০ নং ওয়ার্ড পতেঙ্গা এলাকার ১ হাজার ৩৫০ জন জেলে পরিবার প্রতি ২৫ কেজি হারে ৬৭ দশমিক ৭৫ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হয়।
আমির খসরু বলেন, চট্টগ্রাম– ১১ আসনের ২ হাজার ৬০০ জন জেলে ভিজিএফ এর আওতায় এসেছে। ভবিষ্যতে আরো অধিক সংখ্যক জেলেদের ভিজিএফ এর আওতায় আনা হবে। বর্তমানে ২৫ কেজি হারে চাল দেয়া হচ্ছে, ভবিষ্যতে ২৫ কেজি হতে আরও বেশি বেশি পরিমাণে দিবে সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। সালমা বেগম বলেন, চট্টগ্রাম মহানগরের নিবন্ধিত ৫ হাজার ৪০০ জন জেলে ভিজিএফ এর আওতায় এসেছে, যা অতীতে ছিল না।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জেলে পরিবারের জীবন মান উন্নয়নের জন্য সরকারের প্রকল্প প্রয়োজন ও পরিবারের সন্তানদের মধ্যে শিক্ষার ব্যবস্থা দরকার।











