জি কে শামীমের বিরুদ্ধে আদালতে বাদীর সাক্ষ্য রেকর্ড

চবিতে ভবন নির্মাণ মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬ষ্ঠ একাডেমিক ভবনের ২য় পর্যায়ের নির্মাণকাজ হাসিলের মামলায় দেশজুড়ে আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম প্রকাশ জি কে শামীমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন বাদী মো. ফখরুল ইসলাম। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান তার সাক্ষ্য রেকর্ড করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম রনি দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৩০ আগস্ট জি কে শামীমের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন বিচারক। এরই ধারাবাহিকতায় আজকে (গতকাল) বাদীর সাক্ষ্য রেকর্ড করা হয়েছে। আগামী ১১ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২২ নভেম্বর জি কে বি অ্যান্ড কোম্পানি লিমিটেডের পরিচালক জি কে শামীম ও দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স এসোসিয়েটস্‌ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিমের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর তৎকালীন সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম নিজ কার্যালয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ২৭ মে জি কে শামীমের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর সহকারী পরিচালক সায়েদ আলম আদালতে চার্জশিট দাখিল করেন। এতে বলা হয়, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে রেকর্ডপত্র তৈরি করে দরপত্রের সাথে দাখিল করা হয়। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ একাডেমিক ভবনের (২য় কলা ও মানবিদ্যা অনুষদ) ২য় পর্যায়ের নির্মাণ কাজ হাসিল করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন জি কে শামীম। এ কাজে কোনোরকম সম্পৃক্ততার প্রমাণ না মেলায় মামলার অপর আসামি মো. ফজলুল করিমকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযান পরিচালিত হয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর ঢাকার গুলশান এলাকায় থাকা জি কে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধারসহ জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিআইটিআইডিতে রোগীর চাপ, বেশির ভাগ ডেঙ্গু আক্রান্ত শিশু-কিশোর
পরবর্তী নিবন্ধসুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে