জাল ফেলতে সাগরে নেমে জেলে নিখোঁজ

সোনাদিয়ার পশ্চিমে বঙ্গোপসাগরে ঘটনা

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

মহেশখালীর সোনাদিয়া দ্বীপসংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জাল ফেলার সময় নৌকা থেকে সাগরে নামিয়ে দেওয়ার পর রবিউল হোসাইন নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ রবিউল হোসাইন হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের মুছা আলীর ছেলে।

নিখোঁজ রবিউল হোসাইনের পারিবারিক সূত্রে জানা যায়, রবিউলসহ ১০ থেকে ১২ জনের একটি দল ইঞ্জিনচালিত ছোট নৌকায় প্রতিদিনের মতো টানা জাল নিয়ে সোনাদিয়া দ্বীপের পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। তারা জাল ফেলার সময় রবিউলকে জালের মাথায় সাগরে নামিয়ে দেন। মাঝি জাল ফেলে ঘুরে এসে দেখেন, রবিউল জালের মাথায় নেই। স্রোতের টানে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন বলে পরিবারের সদস্যরা জানান।

দুর্ঘটনার পর থেকে তাকে উদ্ধারে সাগরে মাছ ধরতে থাকা স্থানীয় অন্যান্য জেলে নৌকাসহ বিভিন্ন ব্যক্তি ব্যাপকভাবে তল্লাশি চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসিতে কৃতিত্ব অর্জনকারীদের লিজেন্ড ফাউন্ডেশনের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফলে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে হবে