জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সকল ইউপি নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচন কমিশন চাইলে নির্বাচন গ্রহণযোগ্য করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়েও সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। জনগণের প্রত্যক্ষ ভোটে যাতে তাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে আসতে পারেন, এ জন্য যা যা প্রয়োজন, সরকার তা করবে। খবর বিডিনিউজের।
গতকাল বৃহস্পতিবার গাইবান্ধায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন। এর আগে গাইবান্ধায় পৌঁছালে সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা–সংক্রান্ত সভায় যোগ দেন প্রতিমন্ত্রী।













