‘সেরা প্রতিভার সন্ধানে’ স্লোগানকে সামনে রেখে পর্দা উঠল গাউছুল আজম মাইজভাণ্ডারী ৪র্থ জাতীয় হিফ্জুল কোরআন প্রতিযোগিতার। গতকাল বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম মহানগর অডিশনের মধ্য দিয়ে দেশব্যাপী পবিত্র কোরআনের মেধাবী প্রতিভা অন্বেষণের এই আয়োজনের সূচনা হয়েছে। শুরুর দিনেই নিজেদের মেধার স্বাক্ষর রেখে পরবর্তী রাউন্ডের জন্য ইয়েস কার্ড পেয়েছেন ৩০ জন হাফেজ ও ক্বারী।
গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফ্জুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের আয়োজনে নগরীর দক্ষিণ খুলশীর জাকির হোসেন সোসাইটির মাইজভাণ্ডারী খানকা শরীফে এই অডিশন অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন মাদরাসা ও ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীরা ব্যাপক উৎসাহ–উদ্দীপনা নিয়ে অডিশন ভেন্যুতে জড়ো হতে থাকেন।
অডিশন পর্বটি ৫ পারা, ১০ পারা ও হুসনে সাউত–এই তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রতিযোগীদের সুমধুর তিলাওয়াত ও নির্ভুল হিফজ যাচাই–বাছাই শেষে মোট ৩০ জন প্রতিযোগী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে নির্বাচিত এসব প্রতিযোগীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও ইয়েস কার্ড তুলে দেওয়া হয়।
উদ্বোধনী এই অডিশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফ্জুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান, নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন, এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দুল হক খান। অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন –হাফেজ ক্বারী বুরহান উদ্দীন, হাফেজ ক্বারী বরকতুল্লাহ হোসাইনী এবং হাফেজ ক্বারী উবাইদুল্লাহ সাইফ।
অনুষ্ঠানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সহ–সভাপতি শফিউর রহমান সাইফু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী, খুলশী থানা কার্যকরী সংসদের সভাপতি মির্জা মো. এমরান, মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










