চেনা ব্যস্ততা, গাড়ির সারি,হাঁকডাক কিছুই নেই

চাক্তাই-খাতুনগঞ্জে এখনো ছুটির আমেজ

জাহেদুল কবির | মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারি বাজার চাক্তাইখাতুনগঞ্জে এখনো বিরাজ করছে ছুটির আমেজ। ঈদের ছুটি শেষ হলেও বাজারে সেই চিরচেনা ব্যস্ততা নেই। সড়কে নেই শ্রমিকদের হাঁকডাক। এখনো সুনসান নীরবতা। এছাড়া সড়কে পণ্যবাহী যানবাহনের দীর্ঘ সারিও নেই।

ঈদের ছুটির পর গতকাল দোকান খুললেও বেশির ভাগ কর্মচারী ঈদের কুশল বিনিময় করে সময় পার করেন। এছাড়া কিছু ব্যবসায়ী ব্যাংকিং লেনদেনের কারণে প্রতিষ্ঠান চালু করেন। তবে সন্ধ্যার আগেই তারা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। ব্যবসায়ীরা জানান, সাধারণত ঈদের ছুটির পরে প্রায় এক সপ্তাহ পর্যন্ত চাক্তাইখাতুনগঞ্জে খুব বেশি লেনদেন হয় না। এছাড়া গতকাল অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলেননি। অন্যদিকে অনেক শ্রমিক এখনো ঈদের ছুটিতে বাড়ি গিয়ে ফিরে আসেননি।

চাক্তাই ও খাতুনগঞ্জের আড়তদাররা জানান, স্বাভাবিক দিনগুলোতে চাক্তাইখাতুনগঞ্জে পণ্যবাহী সারি সারি ট্রাক দাঁড়িয়ে থাকে। সেইসব ট্রাক থেকে শ্রমিকরা মাল ওঠানামা করে ব্যস্ত সময় কাটান।কিন্তু ঈদের ছুটি শেষ হলেও বর্তমানে চিরচেনা সেই ব্যস্ততা নেই। তাই অধিকাংশ ব্যবসায়ী অলস সময় কাটাচ্ছেন।

চাক্তাইয়ের চালপট্টির আড়তদার উজ্জল দে বলেন, ঈদের ছুটির কারণে আজকেও (গতকাল) এক চতুর্থাংশ দোকান বন্ধ ছিল। স্বাভাবিক দিনগুলোতে চালপট্টিতে প্রায় দুই শতাধিক চালবাহী ট্রাক প্রবেশ করত। তবে এখন সেই চিত্র দেখা যাচ্ছে না। ঈদের ছুটির কারণে অনেক শ্রমিক এখনো কাজে যোগ দেয়নি। তাই শ্রমিকেরও সংকট রয়েছে।

খাতুনগঞ্জের ব্যবসায়ী আবুল কাশেম বলেন, ঈদের ছুটির পর প্রথম সপ্তাহ বেচাকেনা খুব একটা হয় না। এ সময় ক্রেতারা পণ্যের বুকিং কম দেন। আবার বিভিন্ন স্থলবন্দর থেকে আমদানিকৃত পণ্যের ট্রাকও কম আসে। ফলে ব্যবসায়ীদের ব্যস্ততা কমে যায়।

খাতুনগঞ্জের আল মদিনা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. এহসান উল্লাহ জাহেদী আজাদীকে বলেন, ঈদের ছুটি শেষ হয়েছে গত শনিবার। গতকাল চাক্তাইখাতুনগঞ্জের অর্ধেক ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছে। বেচাবিক্রি নেই। ব্যবসায়ীরা সারা দিন এক প্রকার অলস সময় কাটিয়েছেন। যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রেখেছেন তাদের বেশির ভাগ ব্যাংকিং লেনদেনের কাজে এসেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরাও এখনো কাজ যোগ দেননি। চাক্তাইখাতুনগঞ্জে ঈদের ছুটির আমেজ এখনো শেষ হয়নি।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশেনের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর আজাদীকে বলেন, ঈদের পর খাতুনগঞ্জে ব্যবসা পুরোদমে চালু হতে সপ্তাহখানেক সময় লাগে। কারণ এ সময় দোকানের শ্রমিককর্মচারীরা অনুপস্থিত থাকেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, পণ্যের ক্রেতাই থাকে না। ফলে এ সময় ঈদের কুশল বিনিময় করে সময় পার করেন ব্যবসায়ীরা। ব্যাংক আজকে (গতকাল) খুলেছে। ব্যাংকে লেনদেন থাকে ব্যবসায়ীদের। তাই অনেককে বাধ্য হয়ে আসতে হয়েছে। তবে বেচাবিক্রি নেই বললেই চলে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাস থেকে স্বামী এসে ঘরে প্রবেশের দুই ঘণ্টার মধ্যে স্ত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ