স্বামী নয়ন শীল (৩০) প্রবাস থেকে এসে ঘরে প্রবেশ করেছিলেন সকাল সাড়ে ৯টায়। দুই ঘণ্টার মধ্যে বাথ রুমে গিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী প্রিয়া শীল (২৬)। গতকাল সোমবার রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বান্যাপুকুর এলাকার জয় সেন শীলের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী নয়ন মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরার কথা ছিল ১০ জুন। পরিবারের সদস্যদের না জানিয়ে হঠাৎ করে তিনি গতকাল সকাল সাড়ে নয়টার দিকে এসে ঘরে উপস্থিত হন। ঘরে প্রবেশের পর পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করার পর নিজ কক্ষে বসে স্ত্রীর সাথে কিছুক্ষণ একাকী কথা বলেন। সাড়ে ১১টার দিকে স্ত্রী কক্ষ থেকে বের হয়ে বাথ রুমে যায়।
দীর্ঘক্ষণ বের হচ্ছে না দেখে পরিবারের এক নারী সদস্য গিয়ে দেখেন বাথ রুমের বাঁশের সাথে গলায় শাড়ি পেছানো অবস্থায় ঝুলে আছে প্রিয়া শীল। এসময় তার চিৎকারে স্বামী নয়ন শীলসহ পরিবারের সদস্যরা গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে প্রিয়াকে নামিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে দেহ বাড়িতে নিয়ে আসে। এই ঘটনার সংবাদ পেয়ে প্রিয়ার পরিবারের সদস্যরা আসে নয়নের বাড়িতে। পরে তারা রাউজান থানায় গিয়ে তাদের মেয়েকে হত্যার করেছে দাবি করে অভিযোগপত্র দেয়।
অভিযোগ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ব্যবস্থা করে। ওই বাড়ির কয়েকজন নারীর সাথে কথা বলে জানা যায়, নয়ন শীল ২০১৯ সালে হাটহাজারী উপজেলার সরকার হাট এলাকার সুলাল শীলের কন্যা প্রিয়া শীলকে বিয়ে করেছিলেন। বিয়ের পর তাদের সংসারে কোনো সন্তান না আসায় স্বামী–স্ত্রী পরস্পরকে দোষারোপ করে আসছিল।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।












