রাসায়নিক ব্যবহার করে চানাচুরসহ নানা খাদ্যপণ্য তৈরিসহ বিভিন্ন অপরাধে নগরে ‘মায়ের দোয়া’ নামে একটি চানাচুর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। ডবলমুরিং থানার বার কোয়ার্টার এলাকায় অবস্থিত ওই কারখানায় গতকাল সোমবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানে দেখা যায় মায়ের দোয়া চানাচুর কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুরসহ বিভিন্ন পণ্য তৈরি হয়। এ সময় বিভিন্ন ধরনের অননুমোদিত রং ও রাসায়নিকের ব্যবহার এবং পণ্য তৈরিতে পোড়া তেল বার বার ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। তাই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












