চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৪০ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’। সংগঠনটির দাবি বিশ্ববিদ্যালয়ে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একসঙ্গে এত সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘটনা এটিই সর্বোচ্চ। গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক বৃত্তি প্রদান ও হিসাব উপস্থাপন অনুষ্ঠান–এ শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনটির গত এক বছরের কার্যক্রম ও আয়–ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। উত্তরণ সভাপতি রিফাত খান শিশির বলেন, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করার অংশ হিসেবে বার্ষিক বৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, এ পর্যন্ত আমরা গত পাঁচ বছরে প্রায় ৪ হাজার শিক্ষার্থীকে সেবা দিয়েছি। অসচ্ছল শিক্ষার্থীদের খাবার বাবদ খরচ হয়েছে ৯ লাখ টাকা।২০২২ সালে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তার লক্ষ্যে কার্যক্রম শুরু করে উত্তরণ। সংগঠনটি চবির সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয়ে পরিচালিত হচ্ছে।
বৃত্তির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলের অসচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহ করছে সংগঠনটি। বর্তমানে প্রীতিলতা হল, দেশনেত্রী খালেদা জিয়া হল, এফ রহমান হল ও শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীরা এ সহায়তা পাচ্ছেন। রমজান মাসে শিক্ষার্থীদের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থাও করে উত্তরণ। প্রেস বিজ্ঞপ্তি।












