চবি উপাচার্যের সঙ্গে এনসিপি নেতা নাহিদ ও হাসনাতের সাক্ষাৎ

চবি প্রতিনিধি | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এবং দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের বর্তমান একাডেমিক পরিবেশ, ক্যাম্পাসের শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

উপাচার্য ড. মোহাম্মদ আল্‌ফোরকান আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নে প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আরও সফলতার উচ্চতায় নিয়ে যেতে চাই। এ লক্ষ্যে তিনি শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধি, সুষ্ঠু পরিবেশ, স্বচ্ছতা ও গণতান্ত্রিক সহাবস্থান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, সহকারী প্রক্টরবৃন্দ, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ, এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধমানবতার সেবায় রেড ক্রিসেন্ট অগ্রণী ভূমিকা পালন করে আসছে
পরবর্তী নিবন্ধরোমাঞ্চকর জয় বাংলাদেশের