চট্টগ্রামের জামালখানে ফুটপাতগুলো দখলমুক্ত করা হোক

| সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৭:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের প্রাণকেন্দ্র এবং অন্যতম প্রধান আবাসিক ও শিক্ষামূলক এলাকা জামালখান এখন ফুটপাত হকারদের দখলে। বিশেষ করে জামালখান প্রেস ক্লাব, চট্টগ্রাম সিনিয়র ক্লাব এবং সেন্ট মেরিস এজি চার্চ স্কুলের সামনের ফুটপাতগুলো পুরোপুরি বেদখল হয়ে পড়েছে। সরেজমিনে রাতের দৃশ্যে দেখা যায়, ‘ডাক্তার পাড়া’ ও ‘স্কুল পাড়া’ খ্যাত এই এলাকার ফুটপাতগুলোতে এখন পথচারীদের হাঁটার কোনো উপায় নেই।

নানা ধরনের ভাসমান দোকান ও হকারদের কারণে সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এর ফলে রাতের বেলা তীব্র যানজটের পাশাপাশি প্রতিনিয়ত ছোটবড় দুর্ঘটনা ঘটছে। স্কুলপড়ুয়া শিক্ষার্থী, নারী, শিশু এবং রোগী ও তাদের স্বজনরা এই এলাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। ফুটপাত খালি না থাকায় এবং রাস্তায় মানুষের জটলার কারণে রাতে এই দীর্ঘ পথ পাড়ি দিতে সাধারণ মানুষ চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। এলাকাবাসীর দাবি, জামালখানের মতো একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকার ফুটপাতগুলো অবিলম্বে দখলমুক্ত করা হোক। পথচারীদের নির্বিঘ্নে চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর ও জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

নুরুল আবছার

জামাল খান,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধশামসুর রাহমান : প্রেম ও মানবতার কবি
পরবর্তী নিবন্ধচলমান গ্যাস সংকট এবং প্রাসঙ্গিক ভাবনা