পণ্যের ছাড়ের বিজ্ঞাপন ক্রেতাকে আকৃষ্ট করার কার্যকর কৌশল। কিন্তু সব ছাড়ের বিজ্ঞাপন কি প্রকৃত মূল্যহ্রাসের প্রমাণ? অনেক ক্ষেত্রে পণ্যের আগের দাম বাড়িয়ে দেখিয়ে পরে ছাড়ের ঘোষণা দেওয়া হয়। কোথাও আবার মূল্যছাড়ের শর্ত অস্পষ্ট থাকে, ফলে ক্রেতা প্রকৃত সুবিধা সম্পর্কে বিভ্রান্ত হন। এতে শুধু আর্থিক ক্ষতি নয়, বাজারের প্রতি আস্থাও কমে। ক্রেতার পক্ষে প্রতিটি পণ্যের আগের ও বর্তমান মূল্য যাচাই করা কঠিন।
তাই দায়িত্ব কেবল ভোক্তার ওপর চাপিয়ে দেওয়া যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ছাড়ের বিজ্ঞাপনে প্রদর্শিত মূল্য, প্রকৃত বিক্রয়মূল্য ও ছাড়ের শর্ত যাচাই করা। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে নিয়মিত অভিযান, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং প্রমাণিত অনিয়মে দৃশ্যমান ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্যতালিকা ও ছাড়ের শর্ত স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। ছাড়ের অঙ্ক নয়, প্রকৃত মূল্যহ্রাসই হোক ক্রেতার প্রাপ্তি। বিজ্ঞাপনের দাবি আর বাস্তব দামের ফারাক যাচাইয়ে কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা নিশ্চিত করা জরুরি।
মুহিবুল হাসান রাফি
শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।












