বাকলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আধুনিক কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মধুসূদন দাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রাজিব বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমদাদুল হক বাদশা বলেন, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি রোধে শিক্ষক ও অভিভাবকদের অত্যন্ত যত্নবান হতে হবে।

পরীক্ষার আগ পর্যন্ত শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোন বা অপ্রয়োজনীয় আড্ডায় সময় নষ্ট না করে, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। একটি সমৃদ্ধ, মেধাভিত্তিক ও আদর্শ সমাজ গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। তাই পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের শিক্ষায় নিজেদের আলোকিত করতে হবে। নির্বাচনী পরীক্ষা কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তোমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এসএসসির চূড়ান্ত প্রস্তুতির আয়না। এ সময় তিনি একজন শিক্ষানুরাগী হিসেবে বিদ্যালয়ের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক তাসলিমা জান্নাত, হাসিনা বেগম, নাসরিন আখতার, জান্নাতুল ফেরদৌস, জেসমিন আখতার, পরিতোষ, গোলাম রহমান ও ইরফানা নিজামসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, তিনজনের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধইনার হুইল ব্লেজিং স্টারসের ‘বয়ঃ সন্ধিকালীন চ্যালেঞ্জ’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান