মনীষীদের দৃষ্টান্ত অনুসরণ করে নতুন প্রজন্মও বিশ্বে গৌরবের আসনে আসীন হবে

চট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার প্রদানে অধ্যাপক মনসুর মুসা

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

‘চট্টগ্রাম একাডেমি–শিল্পশৈলী পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক মনসুর মুসা বলেছেন, আমরা যে চট্টগ্রাম শহরকে একটি ছবির মত শহর হিসেবে দেখে গিয়েছিলাম, সেই শহর এখন দেখা যায় না। পাহাড় পর্বত টিলা কেটে বন উজাড় করে প্রায় অপরিচিত করে তুলেছে শহরটিকে।

তাছাড়া যেই শহরে আমরা আনন্দের সঙ্গে মাঠে–ঘাটে খেলাধুলা করতাম, এখন সেই শহরটি বসবাসের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে এই শহরটিকে আর শহর বলা যাবে কিনা আমার সন্দেহ আছে। তিনি বলেন, আবদুল করিম সাহিত্যবিশারদ, আবদুল হক চৌধুরীর মত গবেষক, মুহাম্মদ এনামুল হকের মতো সাহিত্যিক এই চট্টগ্রামে বেড়ে উঠেছেন এবং সারাদেশে নেতৃত্ব দিয়েছেন। নতুন প্রজন্ম যদি এদের দৃষ্টান্ত অনুসরণ করে, তারাও একদিন বিশ্বে গৌরবের আসনে আসীন হবে।

গত ১৫ নভেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ সম্মানী তুলে দেওয়া হয়।

শিক্ষাবিদ রীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ ইউনিভারসিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম। বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী ড. মনজুর–উল আমিন চৌধুরী ও লোকসাহিত্য গবেষক সৈয়দা আঁখি হক। দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফের পরিচালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাবন্ধিক এস এম আবদুল আজিজ। সংক্ষিপ্ত জীবন–বৃত্তান্ত উপস্থাপন করেন বাচিকশিল্পী আয়েশা হক শিমু। আলোচনায় অংশ নেন একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, শিল্পশৈলী সম্পাদক নেছার আহমদ, অরুণ শীল, জিন্নাহ চৌধুরী, দীপক বড়ুয়া, জসিম উদ্দিন খান, রিটন কুমার বড়ুয়া, ফারজানা রহমান শিমু, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, সনজীব বড়ুয়া, ড. আজাদ বুলবুল প্রমুখ।

বক্তারা বলেন, ভাষার বিশুদ্ধিচেতনা ব্যাপারটি পুরাপুরি ভাষাতাত্ত্বিক নয়, সমাজতাত্ত্বিক। ভাষাকে সমাজের সঙ্গে সম্পর্কিত করে বিশ্লেষণ করতে হবে, সমাজবিচ্ছিন্ন করে নয়। মনসুর মুসা এমন এক ভাষাবিদ, যাঁর কাজ আধুনিক ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখায়; সমাজভাষাবিজ্ঞানে, মনোভাষাবিজ্ঞানে এবং ভাষা–পরিকল্পনায়। মানুষের ভাষা–সমস্যা সম্পর্কে তিনি বহু প্রবন্ধ লিখেছেন। তুর্কীভাষা আন্দোলন, শ্রীলঙ্কার ভাষা–সমস্যা, আসামের ভাষাদাঙ্গা, বাঙলা ভাষা ও রাজনীতি, প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকের ভাষাতাত্ত্বিক মূল্যায়ন ইত্যাদি গবেষণামূলক প্রবন্ধ দেশে বিদেশে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছে। এ উপলক্ষে শিল্পশৈলীর বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৮০টি টিয়া পাখিসহ দুই পাচারকারী গ্রেপ্তার