চট্টগ্রামে নতুন করে আরো ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ১ হাজার ৬৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে চলতি আগস্টে আক্রান্ত হয়েছে ৮২৩ জন। সব মিলিয়ে চলতি বছর মোট মৃত্যু হয়েছে তিনজনের। এরমধ্যে একজন পুরুষ ও দুইজন মহিলা। এর আগে গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ৫৩৬ জনের এবং মৃত্যু হয় দুইজনের। এছাড়া জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারি ২২ জন ও মৃত্যু ১ জন এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৮ জন।
এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৫ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ৪ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪ জন। অন্যদিকে চলতি বছর মোট আক্রান্ত রোগীর মধ্যে ৯০৯ জন পুরুষ, ৪৪৫ জন মহিলা এবং ৩০৩ জন শিশু রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ফুলের টব ও ডাবের খোসা, গাড়ির টায়ারসহ বিভিন্ন পরিত্যক্ত বস্তুতে জমা পানি ডেঙ্গুবাহী এডিস মশা প্রজননে সহায়ক ভূমিকা পালন করছে। এতে ডেঙ্গু আক্রান্ত রোগীও বাড়ছে। তাই সবাইকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখাসহ কোথাও যাতে তিনদিনের বেশি পানি না জমে সেদিকে বিশেষ নজর দিতে হবে। এছাড়া রাতে ছাড়াও দিনের বেলায়ও মশারি টানাতে হবে।
উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।











