চট্টগ্রাম বন্দর পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। গতকাল দক্ষিণ কোরিয়া ট্রেডইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির (কেওটিআরএ) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরে পৌঁছান। এসময় সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ প্রতিনিধিদলটিকে চট্টগ্রাম বন্দরে স্বাগত জানান। তারা সদস্য (হারবার ও মেরিন) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি চট্টগ্রাম বন্দরের নানা উল্লেখযোগ্য অর্জন সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তারা বে টার্মিনাল, মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন বন্দর অবকাঠামো খাতে কোরিয়ান বিনিয়োগের আগ্রহ ও সম্ভাবনা তুলে ধরেন। এছাড়াও বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোর কার্যক্রম সমপ্রসারণে কেওটিআরএ’র ভূমিকার কথা উল্লেখ করেন।

প্রতিনিধিদলে কোরিয়া ট্রেডইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির প্রতিনিধিদলে টোটাল সফট ব্যাংক লিমিটেড এবং সিআইআইজেডএর প্রতিনিধিরাও যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানসমূহ তাদের স্ব স্ব কাজের ক্ষেত্রে, যথা বন্দর প্রযুক্তি ও সামুদ্রিক গবেষণা, ইয়ার্ড ব্যবস্থাপনা, স্মার্ট পোর্ট, পোর্ট ডিজিটালাইজেশন, সামুদ্রিক শিক্ষা অবকাঠামো উন্নয়ন, ব্লুইকোনমি, সমুদ্র বিজ্ঞানসহ প্রভৃতি কার্যক্রমে সহযোগিতা সমপ্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে কেওটিআরএ’র ডেপুটি ডাইরেক্টর সাঙহোন লী, চিফ স্পেশ্যালিস্ট ফারুক আহমেদ, সিআইআইজেড এর ইঞ্জিনিয়ার ইয়ুনজাই হাম জিস, টোটাল সফট ব্যাংকের সিনিয়র সেলস ম্যানেজার জন জিয়ং এবং চট্টগ্রাম বন্দরের বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল বন্দরের অপারেশনাল এলাকা পরিদর্শন করেন এবং বন্দর ব্যবস্থাপনা সম্পর্কে প্রশংসা করেন।

পূর্ববর্তী নিবন্ধমহিলা কলেজের প্রাক্তন ছাত্রী পরিষদের সভা
পরবর্তী নিবন্ধকোয়ার্টারে আজ মোহামেডানের সামনে কর্ণফুলী কালারপোল