টানা বৃষ্টিতে রেললাইনে পানি জমে যাওয়া এবং গাছ ভেঙে পড়ায় চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রামের ষোলশহরের মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা এলাকায় ডুবে যাওয়া রেললাইনে আটকা পড়ে। এতে যাত্রী ছিল সাড়ে ৮শ। দীর্ঘ সময় আটকা থাকার পর বিকাল ৪টা ১৭ মিনিটে ট্রেনটি ব্যাক করে বিকাল ৪টা ৩২ মিনিটে চট্টগ্রাম স্টেশনে নেওয়া হয়। রাত ১১টা পর্যন্ত রেললাইন থেকে পানি না নামায় ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে আটকা থাকায় যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী।
এদিকে রেললাইনে পানি থাকার কারণে চট্টগ্রাম–কক্সবাজার রুটের প্রবাল ও সৈকত এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে। কাঞ্চননগর এলাকায় রেললাইনে গাছ ভেঙে পড়ায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টা ২০ মিনিটে দোহাজারী স্টেশনে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট অবস্থান করার পর বিকাল ৪টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। বিকাল ৫টা ৪০ মিনিটে ট্রেনটি জানালিহাট স্টেশনে এসে রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত আটকে আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার। তিনি বলেন, প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন এসে না পৌঁছার কারণে সৈকত এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। যার কারণে প্রবাল ও সৈকত এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী আজাদীকে জানান, ষোলশহরের মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা এলাকার রেললাইন এখনো (গতকাল রাত ১১টা) পানিতে ডুবে আছে। যার কারণে পর্যটক এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। পর্যটক এক্সপ্রেসে সাড়ে ৮শ যাত্রী ছিল।











