চকরিয়ার এক ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাতআয় বহির্র্ভূত সম্পদ অর্জন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

জ্ঞাত আয়বহির্র্ভূত সম্পদ অর্জন ও পাচারের দায়ে কক্সবাজারের চকরিয়ার এক ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে কোটি ১৬ লাখ ১ হাজার ৬০৫ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খানের আদালত এ রায় ঘোষণা করেছেন।

এসময় আব্দুল গফুর নামের ওই ব্যক্তি কাঠগড়ায় হাজির ছিলেন না। পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। নিজেকে ব্যবসায়ী দাবি করলেও সে সংক্রান্ত কোন প্রমাণ দিতে পারেননি আব্দুল গফুর জানিয়ে দুদক পিপি মোকাররম হোসাইন দৈনিক আজাদীকে বলেন, আব্দুল গফুরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৬৮ লাখ ৮১ হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ রয়েছে। দুদকের পক্ষ থেকে তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হলেও সেটি করেন নি তিনি। এসব অভিযোগে ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পিপি বলেন, সম্পদ রয়েছে অথচ কোন উৎস নেই। ব্যবসায়ী পরিচয় দিলেও কোন ট্রেড লাইসেন্স বা ব্যবসা সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে পারেন নি আব্দুল গফুর। মূলত অবৈধ উপায়ে বিপুল অংকের সম্পদ অর্জন করেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশাহছুফি সৈয়দ নুরুল বশর (রহ.) ওরশ কাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কর আইনজীবী সমিতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান