গ্যালারিতে মায়ের সঙ্গে জয় উদযাপন করলেন সাইবারি

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১ জুলাই, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

মাথায় মারাত্মক চোট পেয়ে রক্তাক্ত হয়েছিল শরীর, রক্তে ভিজে লাল হয়ে যাওয়া জার্সিতবুও মাঠ ছাড়েননি মরক্কোর ইসমাইল সাইবারি। নতুন জার্সি গায়ে চাপিয়ে টাইব্রেকারে ডাচদের জালে শেষ বলটি জড়িয়ে মরক্কোকে এনে দিয়েছেন এক অবিস্মরণীয় জয়। অতিরিক্ত সময়ের শেষের দিকে মাথায় মারাত্মক আঘাত পেয়ে কপাল ফেটে রক্ত ঝরছিল সাইবারির। সারা শরীর রক্তে ভিজে যাওয়ায় জার্সিও পরিবর্তন করতে হয় তাকে। কিন্তু সেই চোট তার মানসিক দৃঢ়তায় বিন্দুমাত্র চিড় ধরাতে পারেনি। ডাচ গোলকিপার বার্ট ভারব্রুগেনকে পরাস্ত করে বল জালে জড়ানোর পরপরই গায়ের নতুন জার্সিটি খুলে বুনো উদযাপনে মেতে ওঠেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। এরপর গ্যালারিতে যান সাইবারি। সেখানে মাকে জড়িয়ে ধরে উদযাপন করেন তিনি। সেই সময় আনন্দে অশ্রু চোখে ছেলেকে জড়িয়ে ধরেন সাইবারির মা। চলতি বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ইসামাইল সাইবারি। গ্রুপপর্বে ব্রাজিল, স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে গোল করে একক বিশ্বকাপ টুর্নামেন্টে কোনো মরক্কোর খেলোয়াড়ের করা সর্বাধিক গোলের নতুন রেকর্ড গড়েন। গ্রুপপর্বে সাইবারির সেই ঝলক দেখা গেল বিশ্বকাপের তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডসের বিপক্ষেও। বিবিসির রেটিংয়ে ৭.৩২ পয়েন্ট পেয়ে ম্যাচে মরক্কোর তৃতীয় সেরা রেটিংপ্রাপ্ত খেলোয়াড় তিনি। পেনাল্টিতে সাইবারির ঠান্ডা মাথার শট খুঁজে নেয় জালের ঠিকানা আর উল্লাসে ভাসে পুরো মরক্কো শিবির।

পূর্ববর্তী নিবন্ধআইসিসি র‌্যাংকিংয়ে রিতু জুয়াইরিয়া-মারুফাদের উন্নতি
পরবর্তী নিবন্ধ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংসে হার বাংলাদেশের