গরমের ঠাঁট

অমিত বড়ুয়া | বুধবার , ২৪ জুন, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

রোদ ঝাঁ ঝাঁ বোশেখদুপুর গরমের কী ঠাঁট

রোদে পুড়ছে শহর ও গাঁ ফসল ভরা মাঠ ।

রাস্তাঘাটে কেউ নেই আজ সমস্তটা ফাঁকা

রোদের তেজে ক্লান্ত দুপুর করছে ভারি খাঁ খাঁ।

ঠাণ্ডা হয়ে প্রাণ জুড়াতে দস্যি খোকার দল

উদোম হয়ে লাফাচ্ছে খুব পেলেই পুকুর জল।

এই গরমে যদিও তাদের বাইরে যাওয়া মানা

কিন্তু গরম চরম হয়ে ঘরেও দেয় হানা।

এই গরমে উপায়টা কী সিদ্ধ হওয়া ছাড়া

স্বস্তি পাবো আকাশ থেকে নামলে জলের ধারা।

বৃষ্টি নামুক অঝোর ধারায় প্রাণ ফিরে পাক মাটি

জল ঝরিয়ে আকাশও হোক স্নিগ্ধ পরিপাটি।

পূর্ববর্তী নিবন্ধরংবাহারি ফলের দিনে
পরবর্তী নিবন্ধমা