খাগড়াছড়িতে পরিত্যক্ত বিদেশি পিস্তল, গুলি ও মদ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গতকাল শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি ৩২ ব্যাটালিয়ন। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোরমের টিলা টিওবি থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে জানমারাটিলা ডাউন এলাকায় রাতে অভিযান চালানো হয়। পাচারকারীরা টহলদলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পাহাড়ের গহিন জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে শুক্রবার ভোররাতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, পাঁচটি গুলি, বিভিন্ন ধরনের ভারতীয় মদ ৩১ বোতল, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ভারতীয় মনো সিগারেট ৪৭ কার্টন পাওয়া যায়। বিজিবির ভাষ্য অনুযায়ী, জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীবের নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে
পরবর্তী নিবন্ধ৯ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রাউজান ক্লাব