চঞ্চু নামের মেয়েটি ভারী চঞ্চল। কিছুদিন স্কুলে গিয়েছিল। বেশিদিন টিকে থাকতে পারেনি। স্কুলের নিয়ম কানুন মেনে চলতে পারেনি। কোনদিন দেরিতে যায় আবার কোনদিন ছুটির আগে চলে আসে। কেমন যেন অস্থির স্বভাবের। কোথাও স্থির থাকতে পারে না। সব সময় ছুটে চলতে চায়। চোখ দুটি টানা টানা। অনেকটা মায়াবী হরিণের মতো। দেখলে খুব মায়া হয়।
পুকুর পাড়ে গাছ তলায় বসে চঞ্চু বাতাস খায়। পাখির সাথে কথা বলে। পুকুরের কঞ্চিতে বসা মাছরাঙ্গাটির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। পাখিরাও যেন তার কথা বুঝে। তাকে একটুও ভয় পায় না। আশে পাশে ঘুরে। মিষ্টি স্বরে ডাকে। তারও খুব ইচ্ছা পাখির মতো ডাকতে। তাদের সাথে সুর মিলাতে। কিছুটা মিলাতেও পারে। পাখিরা তখন কান পেতে শোনে। মাথা কাত করে তার দিকে তাকায়। সেও অবাক নয়নে তাকায়। হঠাৎ পাখি একটা উড়াল দিয়ে গাছের ডালে গিয়ে বসে। তখন কয়েকটি পাখি গাছ থেকে উড়তে শুরু করে। তার ইচ্ছা হয় পাখির মতো উড়তে। কিন্তু পারে না। তারতো পাখির মতো ডানা নেই। ডানা ছাড়া সে উড়বে কি করে? উড়তে হলে পাখা লাগে। পাখায় ভর করে উড়তে হয়। ডালে বাসা পাখিটি তার কাছে জানতে চায়। ‘তুমি স্কুলে যাও না কেন’? সে অবাক হয়ে শোনে। কোনো জবাব দিতে পারে না। শুধু মনে মনে বলে ‘পড়ায় আমার মন বসে না’।
চঞ্চুর ঘরে ভালো লাগে না। যখন তখন বাইরে যেতে মন চায়। পুকুর ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকে। মাছ রাঙ্গাটির কথা ভাবে। কখন একটি মাছ পাবে সে অপেক্ষায় বসে আছে। আহা পাখিটি কত সুন্দর! অনেকক্ষণ বসে থাকে। কোথাও মাছ একটা দেখলে টুপ করে ধরে উড়াল দেয়। এটা চঞ্চুর খুব ভালো লাগে। সে পুকুরের পাড় ধরে হাঁটে। দু একটা আম কুড়িয়ে পায়। পাকা আম। এখনো বোটায় ক্ষীর লেগে আছে। একটু আগে গাছ থেকে পড়েছে। চামড়া ছিলে সে মুখে দেয়। টক মিষ্টি। তার মুখটা রসে ভরে ওঠে।
ভর দুপুরে রোদের মাঝে চঞ্চু উঠান পেরিয়ে ঘাটায় গিয়ে দাঁড়ায়। এদিক ওদিক তাকায়। কাউকে চোখে পড়ে না। এসময়ে কেউ থাকে না। ছেলে মেয়েরা স্কুলে চলে যায়। বড়রা কাজ কামে ব্যস্ত থাকে। সে একা একা দাঁড়িয়ে থাকে। তার সময় কাটে না। তার কোনো বন্ধু নেই। কেউ তার সাথে মিশে না। কেউ তাকে খেলায় নেয় না। তার মনটা খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর দেখে পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল ছুটির পর ফিরে আসছে। তাদের চোখে মুখে কত আনন্দ। সেও এদের মতো আনন্দে থাকতে চায়। আবার স্কুলে যেতে চায়।
জোছনা রাতে সে উঠানে হাটাহাটি করে। । উঠানের কোনায় হাস্নুহেনা গাছ থেকে সুবাস আসে। মনটা ভরে যায়। আকাশের চাঁদটার দিকে চোখ তুলে তাকায়। চাঁদটা যেন আকাশের গায়ে থির হয়ে আছে। আর সাদা সাদা মেঘেরা ভেসে বেড়ায়। চাঁদ থেকে সে সহজে চোখ ফিরাতে পারে না। দূর থেকে এতো সুন্দর, কাছে গেলে কেমন দেখায় কে জানে। চাঁদে নাকি মানুষ গিয়েছে। তারা হয়তো বলতে পারবে। সেতো এখন স্কুলে যায় না। এসব কি করে জানবে? তার আবার স্কুলে যেতে ইচ্ছা করে। স্কুলে গেলে অনেক কিছুু জানা যায়। অনেক কিছু শেখা যায়। মা আর রাজী হয় না। ‘তোর সমবয়সিরা দুই তিন ক্লাসে উপরে উঠে গেছে। ওদের সাথে তুই আর পড়তে পারবি না’। ‘আমি নিচের ক্লাসে পড়বো’। ‘তুইতো আগের চেয়ে বড় হয়ে গেছিস। কি করে ছোটদের সাথে পড়বি’। ‘মা আমি পারবো’। মেয়ের কণ্ঠে দৃঢ়তা। ‘আমার পড়ার খুব ইচ্ছা করছে’। ‘তুমি বাবারে বলে আমাকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দাও’। চঞ্চু আর থামে না। ‘এবার থেকে আমি প্রতিদিন স্কুলে যাবো। নিয়মিত ক্লাস করবো। ঠিকমতো লেখাপড়া করবো’।
মা ভাবনায় পড়ে যায়। মেয়ে বয়সের চেয়ে বড় দেখায়। ঘরে থাকতে চায় না। বাইরে ঘুরে বেড়ায়। কোন কিছুতে মন বসাতে পারে না। মা বাবাকে বলে, ‘মেয়ে আবার স্কুলে যেতে চায়’। কথাটা শোনে বাবা কিছুটা অবাক হয়। ‘স্কুলে পড়ে কি করবে? এখন আর স্কুলের বয়স আছে নাকি? স্কুলেতো তারে ভর্তি করাবে না’। মা এবার বলে, ‘পাশের বাড়ির টিউটর নাকি বলেছে চাইলে ভর্তি হতে পারবে’। বাবা কি বলবে ঠিক বুঝে উঠতে পারে না। মেয়েটার এখনো বুঝ হয়নি। কি করতে কি করে ঠিক নেই। ভর্তি হলেও স্কুলে টিকে থাকতে পারবে কিনা। নাকি আগের মতো যখন যা মন চায় তা করবে।
মা বাবার দিকে তাকিয়ে বলে, ‘এতো কী ভাবছো? আরেকবার স্কুলে ভর্তি করে দাও। দেখবে এবার ঠিক মতো ক্লাস করছে’। বাবা সত্যি সত্যি মেয়েকে আবার স্কুলে ভর্তি করিয়ে দেয়। চঞ্চু ক্লাসে সবার চেয়ে বড়। টিচার তাকে ক্লাস ক্যাপ্টিনের দায়িত্ব দেয়। ক্লাসের শুরুতে সে সবার কাছ থেকে খাতাগুলো তুলে নিয়ে টেবিলের ওপর রাখে। টিচার দেখার পর আবার ফিরিয়ে দেয়। ক্লাসের সবাই তাকে আপু বলে ডাকে। এটা তার ভালো লাগে। সে এক ধরনের আনন্দ খুঁজে পায়। চঞ্চু এবার লেখাপড়ায় মন দেয়। স্কুল তার ভালো লাগে।







