সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবি। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বিছনাকান্দি সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট–৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। খবর বিডিনিউজের। বিজিবি জানায়, বিছনাকান্দি সীমান্তে তাদের একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে তাকে আটক করা হয়। লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, বর্তমানে ওই বিএসএফ সদস্য বিছনাকান্দি বিওপিতে রয়েছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হবে।










