ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

চকবাজারে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযানে নজরুল ইসলাম

| শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের নূর পাহাড় এলাকায় পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সকাল ৮টায় মো. ইলিয়াসের পরিচালনায় এবং চকবাজার পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের ব্যবস্থাপনায় এ অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে হবে। যেখানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। ডেঙ্গু একটি জনস্বাস্থ্য সমস্যা, তাই দলমত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধমূলক কার্যক্রমে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে জনগণকে রক্ষা করতে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, থানা নায়েবে আমীর আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ক্বেরাত ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে পরিত্যক্ত বিদেশি পিস্তল, গুলি ও মদ জব্দ