খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আগুনে পুড়ে গেছে ৯টি দোকান। গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার শান্তিপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুর এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ছোট–বড় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল পারভেজ বলেন, আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের তালিকা করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।














