সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তালিকাভুক্ত ৪৮ জন রোগীকে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে উক্ত অনুদানের চেক হস্তান্তর করেন। এ উপলক্ষে হাসপাতালের লেকচার হলে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদের সঞ্চালনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক, মো. ওমর ফারুক। বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ট্রেজারার অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, স্বাস্থ্য সেবার পাশাপাশি এখানে মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, ক্যান্সার হাসপাতাল, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং, চিকিৎসা শিক্ষা ও গবেষণাসহ বহুবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবায় এই প্রতিষ্ঠান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো এই অসহায় রোগীদের সহায়তা প্রকল্প। বর্তমান সরকারের অন্যতম একটি নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড প্রদান। এই গুরুত্বপূর্ণ প্রকল্পটিও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। আমি আশা করি আপনারা অত্যন্ত স্বচ্ছতার সাথে সরকারী এই চেকগুলো বিতরণ করবেন এবং এর ডকুমেন্টগুলো যথাযথভাবে সংরক্ষণ করবেন। তিনি আরো বলেন, বর্তমানে দেশে নার্সদের প্রচুর চাহিদা রয়েছে। নার্সিং এর পাশাপাশি কেয়ার গিভিং প্রশিক্ষণের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য আরো ২৫ লক্ষ টাকার চেক হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, অবশিষ্ট চেক সমূহ আগামী এক সপ্তাহের মধ্যে রোগীদের মাঝে বিতরণ করা হবে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ জাহান সিকদার, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আবুল হাশেম, মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. অসীম কুমার বড়ুয়া, পরিচালক ডা. মো. নূরুল হক, প্রফেসর ডা. মো. জালাল উদ্দিন, ডা. এ. কে. এম. আশরাফুল করিম, মো. রফিকুল মোহাম্মদ মোশাররফ হোসাইন, স্মৃতি রানী ঘোষ, ঝিনু রানী দাশ, রনজু কনা পাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














