এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ পর্বে মালয়েশিয়া চ্যাম্পিয়ন হওয়ায় শেষ আটে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে, পাকিস্তানের প্রতিপক্ষ হয়েছে হংকং, চায়না। শনিবার বৃষ্টির কারণে মালয়েশিয়া ও ওমানের মধ্যকার ‘বি’ গ্রুপের ম্যাচটি পরিত্যক্ত হয়। নিশিনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ম্যাচটিতে টসও করা সম্ভব হয়নি। ফলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নেয়। তাতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় ওমানের। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। সমান ম্যাচে দুই পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে হংকং, চায়না। এক পয়েন্ট পাওয়া ওমানকে সন্তুষ্ট থাকতে হয়েছে গ্রুপ পর্বেই। আইসিসি র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ, হংকংয়ের মুখোমুখি হবে পাকিস্তান। মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের স্মৃতিও সুখকর। ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে এই দলকে মাত্র ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবারও শেষ চারে যাওয়ার লড়াইয়ে একই প্রতিপক্ষকে পাচ্ছে তারা। এদিকে, শনিবার বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে নেপাল ও জাপানের ম্যাচও। এতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে জাপান। কোয়ার্টার ফাইনালে নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্য ম্যাচে আফগানিস্তানের সামনে ভারত। সূচি অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় পাকিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। একই দিন বেলা ১১টায় খেলবে ভারত ও আফগানিস্তান। মঙ্গলবার একই সময়ে মাঠে নামবে বাংলাদেশ ও মালয়েশিয়া। এর আগে ভোর ৬টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা। নিশিনে অনুষ্ঠিতব্য এই ম্যাচ জিতলেই সেমিফাইনালের টিকিট পাবে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান।













