‘কৃষি পণ্য সংরক্ষণে সংরক্ষণাগার গড়ে তোলাসহ নানা কাজ করছে সরকার’

কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের বিপণন কর্মশালা

| বৃহস্পতিবার , ২৫ জুন, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

কৃষি বিপণন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আঞ্চলিক বিপণন কর্মশালা গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশা।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আবদুল্লাহ আল ফারুক ও চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন। কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি বিভাগের বিভিন্ন উইংয়ের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা ব্যবসায়ী, আড়তদার, রপ্তানিকারক প্রতিনিধিসহ শতাধিক প্রতিনিধি।

কর্মশালায় জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের পার্টনার প্রকল্পের আওতায় কৃষির সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, অধিক কৃষি পণ্য রপ্তানি, নিরাপদ খাদ্য পণ্য উৎপাদন, ফসলের অধিক মূল্য প্রাপ্তিতে সহায়ক কৃষি পণ্য সংরক্ষণে সংরক্ষণাগার গড়ে তোলা, কৃষক, উদ্যোক্তাদের প্রশিক্ষণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। সরকার, বিশ্ব ব্যাংক, ইফাদ যৌথভাবে কৃষির সেক্টরে সবচেয়ে বড় প্রকল্প ৫ বছর মেয়াদি ৭ হাজার কোটির বেশি টাকা ব্যয়ে কৃষি বিভাগের ৭টি উইংয়ের মাধ্যমে এই পার্টনার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। কৃষি বিপণনের উদ্যোগে সারা দেশে ২০ হাজার নারী ও যুবককে অন দ্য জব প্রশিক্ষণ প্রদান এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ইনকিউবেটর সাপোর্ট প্রদান করা হয়েছে। পরে অতিথিরা উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন কৃষি পণ্য পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধও. আর. নিজাম রোড আবাসিক এলাকা কল্যাণ সমিতির মতবিনিময়
পরবর্তী নিবন্ধসেমিতে এফএমসি স্পোর্টস, জয় পেল আবাহনী জুনিয়র