চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কৃতী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ এবং তাদের সাফল্য দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি।
তিনি বলেন, শিক্ষার্থীদের সংবর্ধনা শুধু পুরস্কার নয়, এটি তাদের জন্য একটি প্রেরণা। এই শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে, তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা এবং দেশপ্রেমের চর্চা অত্যন্ত জরুরি। একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়, বরং সে কতটা দায়িত্বশীল ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে পারছে, সেটিই বড় বিষয়। তিনি গতকাল বুধবার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাওয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল হাছান চৌধুরীর সভাপতিত্বে ও কলেজ শাখার সিনিয়র প্রভাষক শিমুল মুহুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক খাদিজা বেগম, প্রাত: শাখার সহকারী প্রধান শিক্ষক রাজিয়া বেগম, শিক্ষক প্রতিনিধি মো. আলী জাফর সাদেক। প্রেস বিজ্ঞপ্তি।














