রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে কোনো দর্শণার্থী ভ্রমণে গেলে নতুন বাজার কার্গোঘাটে দেশের প্রথম লাভ পয়েন্টটি দেখতে চান। ২০১৪ সালে আমেরিকা প্রবাসী আলাউদ্দিন নামে এক ব্যক্তি ও তার স্ত্রী আইরিন সুলতানাকে নিয়ে কাপ্তাই বেড়াতে যান, ওখানে গিয়ে কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত বোট নিয়ে স্ত্রীকে নিয়ে ভ্রমণে বের হন। বোট যখন মাঝখানে চলে যায়, তখন হঠাৎ কালবৈশাখীর ছোবলে পড়ে, তখন বোটটি দুলতে থাকে, এমন সময় আলাউদ্দীনের স্ত্রী আইরিন ভয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েন। সাথে সাথে আলাউদ্দীন স্ত্রীকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন, মুহূর্তের মধ্যে দুইজনই কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যান। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ২দিন ধরে অনেক খোঁজাখুজির পরও তাদের হদিস পায়নি। তৃতীয় দিন ২০১৪ সালের ২২ই মার্চ রাঙ্গামাটি জেলার পর্যটনের আইকন ঝুলন্ত সেতুর অদূরে তাদের মৃতদেহ ভেসে ওঠে। তাদের মৃতদেহ ভেসে ওঠার পরে আসেপাশের লোকজন দেখতে পেল স্বামী–স্ত্রী দুইজনই একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। মরণেও তাদের আলাদা করতে পারেনি। মৃত্যুর সময় আলিঙ্গনরত থাকার কারণে তাদের মৃতদেহ আলাদা করতে অনেক বেগ পেতে হয়েছে। সেদিন কাপ্তায়ের বসবাসরত অনেকই চোখের জল ফেলে বলেছিল কাপ্তাই এলাকায় এই রকম বিরল দৃশ্য কখনো আমাদের চোখে পড়ে নাই। এই ঘটনা কাপ্তায়ের মানুষ এখনো স্মরণ করে। তাঁর পুরো নাম ছিলো আলাউদ্দীন পটোয়ারী, তিনি একজন সাতারু ছিলেন এবং আমেরিকাতে বসবাস করতেন। ২০১৮ সালে আলাউদ্দিন ও আইরিন সুলতানার ভালোবাসার প্রতীক হিসাবে পলওয়েল পার্কের যে জায়গায় তাঁদের মরদেহ উদ্ধার করে রাখা হয়েছিল, সেই স্থানে নির্মিত হয়েছে দেশের প্রথম লাভ পয়েন্ট। বিশ্বের বিভিন্ন দেশে যেমন, ইতালির ভ্যনিস, ফ্রন্সের প্যারিস, ইংল্যান্ডের লন্ডন, আয়ারল্যান্ডের ডাবলিন সহ বিভিন্ন দেশে লাভ পয়েন্ট আছে, কিন্তু বাংলাদেশে নির্মিত হয়েছে দেশের এই প্রথম লাভ পয়েন্ট কাপ্তাইয়ে। লাভ পয়েন্টে গেলে শত শত তালা ঝুলে থাকতে দেখা যায়, কারো গায়ে যোগ চিহ্ন লেখা প্রেমিক–প্রেমিকার নামের প্রথম অক্ষর। আবার কোনে তালার গায়ে লেখা আছে উইশ। লাভ পয়েন্টের আরেকটি বিশেষত্ব হলো ‘লাভ লক’ নিজেদের ভালোবাসার অমরত্ব প্রার্থনা করে বিভিন্ন প্রেমিক যুগলরা এই লাভ পয়েন্টে তালা ঝুলিয়ে তার চাবি কাপ্তাই হ্রদের পানিতে ফেলে দেয়, যেন তাদের আশা পূর্ণ হয়। বিভিন্ন পর্যটকের ধারণা এই কাহিনি বড়ই বেদনাদায়ক। বিভিন্ন দর্শনার্থীরা কাপ্তাই লাভ পয়েন্টে ঘুরতে এসে আলাউদ্দীন ও আইরিন সুলতানার শোক কাহিনী পড়ে আবেগে আপ্লুত হয়ে যায়। এই যুগলের আজীবন ভালোবাসার প্রতি সহমর্মিতা জানিয়ে এই স্থানটিতে নির্মিত হয়েছে ২০১৮ সালে দেশের প্রথম লাভ পয়েন্ট। এই লাভ পয়েন্ট দেখতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায়। স্বামী–স্ত্রীর হৃদয়স্পর্শী এক ভালোবাসার স্মৃতি হলো কাপ্তায়ের এই লাভ পয়েন্ট।













