কর্ণফুলীতে ভাসছিল তরুণীর বস্তাবন্দি মরদেহ

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৬:৪৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার পিডিবি ঘাট সংলগ্ন নদী এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ওসি আবদুর রউফ।

পুলিশ জানায়, নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহের চেহারা বিকৃত হয়ে গেছে। এমনকি আঙুলের ছাপ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল ৫টার দিকে এলাকাবাসী ভাসমান একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে সদরঘাট নৌ পুলিশ ও কর্ণফুলী থানা পুলিশকে খবর দেন। পরে দুই ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তবে আইন অনুযায়ী ঘটনাস্থল নৌ পুলিশের অধীনে হওয়ায় নৌ পুলিশই সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনি কার্যক্রম শুরু করে।

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ঘটনাস্থল আমাদের থানা এলাকার মধ্যে নয়। তবে মরদেহ উদ্ধারে আমাদের টিম সহযোগিতা করেছে। নৌ পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা তারাই নেবে।

সদরঘাট নৌ থানার ওসি আবদুর রউফ বলেন, মরদেহটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধআইফোনের বক্সে ৬শ পিস ইয়াবা, আলমারির ড্রয়ারে বিদেশি পিস্তল
পরবর্তী নিবন্ধচীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ