নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের ব্যারিস্টার সোলতান আহমেদ কলেজ রোড পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং জনদুর্ভোগ নিরসনে চলমান উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রশাসক বলেন, নগরীর সমস্যা সমাধানে শুধু সিটি কর্পোরেশনকে দায়ী করলে চলবে না, নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। আমরা অনেক সময় সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থাকে দোষারোপ করি, কিন্তু নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেতন হই না। বিশেষ করে দোকানদারদের প্রত্যেকের নিজস্ব ডাস্টবিন রাখতে হবে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন রাত ১১টায় ময়লা সংগ্রহের জন্য গাড়ি নিয়ে আসেন। এরপরও দোকানের সামনে যত্রতত্র ময়লা ফেলা কোনোভাবেই কাম্য নয়।
দোকানদার ও এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, প্রত্যেক দোকানের সামনে একটি করে ময়লা ফেলার ঝুড়ি রাখতে হবে। দোকানের সামনে ময়লা পাওয়া গেলে সংশ্লিষ্ট দোকানদারকে জরিমানার আওতায় আনা হবে। এ বিষয়ে ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে। পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে।
তিনি বলেন, সিটি কর্পোরেশন নগরবাসীর সেবা ও দুর্ভোগ লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নকাজ বাস্তবায়নের পাশাপাশি নাগরিকদের ভোগান্তি কমাতে আমরা অত্যন্ত আন্তরিক ও সচেতন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি।











