চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। তাদের মধ্যে তিনজনের বাড়ি পটিয়া উপজেলায় একজনের বাড়ি কর্ণফুলী উপজেলায়।
তারা হলেন-কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের খুরাইশ চৌধুরী বাড়ির নূর হোসেনের ছেলে সজিব হোসেন (২৬), পটিয়া উপজেলা খরনা ইউনিয়নের দুলা মিয়ার বাড়ির দুলা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩), একই উপজেলার আশিয়া ইউনিয়ন মোল্লাপাড়া খন্দকার বাড়ির মবিনুল ইসলামের ছেলে রুবেল (২৬) ও পটিয়া পৌরসভার গোবিন্দ খিল এলাকার অলি মিস্ত্রির বাড়ির বাদশা মিয়ার ছেলে হারুনর রশিদ (৫১)।
এদের মধ্যে রাত দেড়টার দিকে সজিবের মৃত্যু হলেও বাকি তিনজন ঘটনার পরপরই মৃত্যুবরণ করেন।
এর আগে বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার দিকে কর্ণফুলী উপজেলার ক্রসিং শিকলবাহা আদর্শপাড়া এলাকায় ঈগল পরিবহনের বাসটি (চট্টগ্রাম-জ-১১-০১১৬) উল্টো পথে দ্রুতগতিতে এসে বিপরীত দিক থেকে আসা একটি থ্রি-হুইলার লেগুনা (চট্টগ্রাম-ছ-১১-০১১৫)-কে সজোরে ধাক্কা দেয় বাসটি। সংঘর্ষের তীব্রতায় লেগুনাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আহত হন বলে জানা গেছে। আহতদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে প্রথমে তিনজনকে এবং রাতে আরও একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”








