যখন পিপাসা লাগে তৃষ্ণায় বুক ফেটে যায়, তখন পানি পান করার জন্য মন ছটফট করে, প্রয়োজন হয় এক গ্লাস পানির। পানির অপর নাম জীবন, পানি ছাড়া তখন জীবন বিপন্ন, তাই বলে নোংরা পানি কি পান করা যাবে? আমরা সকলেই জানি ডায়রিয়া একটি পানি বাহিত রোগ, নোংরা পানি পান করলে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে এবং ডায়রিয়া থেকে মৃত্যুও হতে পারে। তাহলে কী দাঁড়ায় পানির অপর নাম শুধু জীবন নয় মৃত্যুও বটে। একইভাবে পর্যালোচনায় দেখা যায় মানুষ সামাজিক জীব একজন মানুষ হিসেবে আমি– আপনি সকলেই সমাজবদ্ধ হয়ে থাকতে চাই, মনের ভাব আদান প্রদান করতে চাই কাছের মানুষের সাথে সকলের সাথে। কখনো কখনো মনের ভাব আদান–প্রদান করার জন্য আমরা ব্যাকুল হয়ে পড়ি, তৃষ্ণার্ত পথিকের মত ছটফট করতে থাকি কারো সাথে কথা বলার জন্য, কথা বলার তৃষ্ণায় যখন বুক ফেটে যায় তখন প্রয়োজন হয় কারো সাথে কথা বলার অনুভূতি প্রকাশ করার, কথা বললে অনুভূতি প্রকাশ করলে মন শান্ত হয়, মনে যদি কষ্ট থাকে কষ্টগুলো কারো সাথে শেয়ার করলে মন হালকা হয়, এতে মানসিক শান্তি ও স্বস্তি আসে। বিপদের মুহূর্তে প্রিয় মানুষের সঠিক পরামর্শে সঠিক পথ খুঁজে পাই, যদি হতাশা থাকে প্রিয়জনের একটু মিষ্টি কথায় বা কারো সান্ত্বনায় হতাশা কেটে যায় কারো একটু মিষ্টি হাসিতে প্রশান্তিতে হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু ভুল মানুষের সাথে আমাদের মনের ভাব আদান প্রদান করলে অনুভূতি প্রকাশ করলে পেতে হয় কথার বিষাক্ত কাটার আঘাত, সেটা হৃদয়ে লাগে, হৃদয় ক্ষতবিক্ষত হয়। জীবনে নেমে আসে মানসিক অস্বস্তি, অশান্তি।
অতএব কারো সাথে মনের ভাব আদান–প্রদান করার আগে অনুভূতি প্রকাশ করার আগে চিন্তা করুন কার সাথে কথা বলবেন, কাকে ফোন করবেন, তিনি আপনাকে কোনও ধরনের কষ্ট দিয়ে, খোঁচা দিয়ে কথা বলার সম্ভাবনা আছে কিনা, যদি থাকে তাকে ফোন করবেন না, তার সাথে কথা বলবেন না। এতে আপনি কষ্ট পাওয়ার ঝুঁকিমুক্ত থাকবেন। কারো সাথে কথা বলার আগে অনুভূতি প্রকাশ করার আগে কাউকে ফোন করার আগে আস্থা ও নির্ভরযোগ্য বন্ধু নির্বাচন করুন যিনি আপনার কথাগুলো ধৈর্যের সাথে শুনবে, আপনাকে বুঝবে, আপনাকে সাহস দেবে, সান্তনা দেবে, সমাধান দিবে শুধু এমন বন্ধুর সাথে মনের কথাগুলো আপনার অনুভূতিগুলো শেয়ার করুন অন্য কারো সাথে নয়।












