কক্সবাজার শহরের দরিয়ানগর এলাকায় নির্মাণাধীন একটি কালভার্টে মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শ্রমিক।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দরিয়ানগর থেকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন-মো. ইলিয়াছ ও রাকিব। আহত শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নির্মাণকাজের দায়িত্বে থাকা লাকি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আব্দুর রহমান মজুমদার বলেন, সকালে শ্রমিকেরা কালভার্টের নির্মাণকাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ পাশের মাটি ধসে পড়লে তিন শ্রমিক মাটিচাপা পড়েন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, গুরুতর অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত দুই শ্রমিকের মরদেহ মর্গে রাখা হয়েছে। প্রয়োজন হলে ময়নাতদন্ত করা হবে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।










