প্যান্টের পকেটে ১৪০০, লুঙ্গির খোঁচায় ৬০০ ইয়াবা

কর্ণফুলীতে দুই কারবারি গ্রেপ্তার ২

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়াহাট জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হেলাল উদ্দিন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলহাজারা গ্রামের আবু তাহেরের ছেলে আলমগীর ফরিদ (২৬) এবং কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল গ্রামের মৃত মো. জহিরের ছেলে সাহাবুদ্দিন (৪০)।

পুলিশ জানায়, নয়াহাট জামে মসজিদের সামনে মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় দুইজনকে তল্লাশি করে আলমগীর ফরিদের প্যান্টের পকেট থেকে ১ হাজার ৪০০ পিস এবং সাহাবুদ্দিনের পরিহিত লুঙ্গির খোঁচায় ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ নিয়ে তাদের কাছ থেকে মোট ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সাধারণ সভা