দেশে এলপিজি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন আমদানিকারক ও অপারেটররা। তাদের দাবি, দেশে এলপিজির জোগান ও মজুদ পরিস্থিতি ভালো রয়েছে। গতকাল সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে এ বিষয়ে আশ্বস্ত করেন এলপিজি খাতের অপারেটররা।
দেশে এলপিজির বর্তমান আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি, বাজারদরসহ সার্বিক বিষয় পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় এলপিজি খাতের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়। খবর বাংলানিউজের। সভায় উপস্থাপিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন। এসব তথ্য পর্যালোচনা করে সভায় বলা হয়, দেশে এলপিজির জোগান ও মজুদের পরিস্থিতি ভালো। ফলে বর্তমানে এলপিজির কোনো ধরনের সংকট নেই বলে জানান আমদানিকারক ও অপারেটররা। জ্বালানিমন্ত্রী বলেন, পর্যাপ্ত মজুদ থাকার পরও গ্রাহক পর্যায়ে যাতে সরবরাহে ঘাটতি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। অসৎ উদ্দেশ্যে কেউ যাতে এলপিজি মজুদ করে কৃত্রিম সংকট বা জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারেন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। সভায় অপারেটররা এ ক্ষেত্রে সরকারের প্রতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।













