আকবরশাহ থানা পূজা উদ্যাপন পরিষদ : নগরের আকবরশাহ থানা পূজা উদ্যাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১০টায় উত্তর কাট্টলী জোনাকি ক্লাবে এ সভা হয়। সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সাত্ত্বিকভাবে পূজা আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী। উদ্বোধন করেন আকবরশাহ থানা পূজা উদ্যাপন পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী তরুণ তপন দত্ত। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি দীপক দাশ। সভা সঞ্চালনা করেন আশীষ দাশ। সভায় আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান, পরিষদের সাধারণ সম্পাদক এন্টন দাশ, অর্থ সম্পাদক জুয়েল দে, সিনিয়র সহসভাপতি সুজিত কুমার দাশসহ উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও কার্যকরী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ১৫টি আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন। সভায় ডা. মুকেশ কুমার দত্ত, ডা. যামিনী কুমার দে, শ্রীশ সাহা, সমীর দত্ত, সাহেদ আকবর ও রফিক উদ্দীন চৌধুরী বক্তব্য দেন। আকবরশাহ থানা পূজা উদ্যাপন পরিষদের সহসাংগঠনিক সম্পাদক জুয়েল শীল ও যুগ্ম সাধারণ সম্পাদক সুজন দত্তও সভায় উপস্থিত ছিলেন।
বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদ : চট্টগ্রাম দক্ষিণ জেলা অনুমোদিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বস্ত্র বিতরণ ও আলোচনা সভা গত ২০ সেপ্টেম্বর জলদী প্রশিকা অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঝুন্টু চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পরিমল দেব, সাংগঠনিক সম্পাদক হারাধন দাশ, সিনিয়র সদস্য পরিমল দত্ত ও সদস্য রাসেল চৌধুরী। সাংবাদিক নিশাতা নিশির সঞ্চালনায় ও বাঁশখালী পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সন্ধ্যা দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক লায়ন আর.কে দাশ রুবেল, সদস্য সচিব মিটু দাশ, যুগ্ম আহ্বায়ক অজিত দেবনাথ, সংগঠক বিজয় দাশ, সজীব দেব প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ধরে রেখে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানের ২য় অধিবেশনে বাঁশখালী উপজেলা পূজা পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আংশিক কমিটি গঠন করা হয়। এতে লায়ন আর.কে দাশ রুবেলকে নির্বাহী সভাপতি, সন্ধ্যা দাশকে কার্যকরী সভাপতি ও মিটু দাশকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।












