বাংলাদেশ কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)-এর ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে ‘সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী শিক্ষা বাজেট’ শীর্ষক এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট শৌর্য তালুকদার। তিনি তাঁর প্রবন্ধে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং সরকারের নির্বাচনি ইশতেহারে শিক্ষার উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বিশ্লেষণ তুলে ধরেন। একই সাথে ইশতেহারের লক্ষ্য অর্জনে শিক্ষা বাজেটে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তা ও কার্যকারিতার ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি। তিনি বলেন, একটি দেশের সার্বিক উন্নয়নের মূল চাবিকাঠি হলো শিক্ষা। সরকারের নির্বাচনি ইশতেহারে শিক্ষার যে রূপরেখা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে শিক্ষা বাজেটে কাঠামোগত সংস্কার ও পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা সময়ের দাবি। তিনি, জাতীয় বেতন স্কেল দ্রুত ঘোষণা করার দাবি জানান ও এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে নতুন পে–স্কেলের আওতায় আনার দাবিও জানান।
আলোচক বাংলাদেশ প্রতিদিন–এর ডেপুটি এডিটর রাজু আহমেদ বলেন, ইশতেহারের প্রতিশ্রুতির সাথে বাজেটের সামঞ্জস্য থাকা জরুরি এবং শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার। তিনি শিক্ষা ও শিক্ষকের মর্যাদা রক্ষায় সংগঠনের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে বলেন, বাকবিশিস সব সময় দেশের শিক্ষা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
সঞ্চালনা করেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। প্রেস বিজ্ঞপ্তি।











