সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন সে লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে অসাধু চক্র যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন। এবার সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও নিরাপদে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল শনিবার সকালে বান্দরবান শহরের গ্র্যান্ডভ্যালী হোটেলের কনফারেন্স কক্ষে জেলার বিভিন্ন মন্দির কমিটির সদস্যদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম বলেন, আমরা কেউ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নই। আমাদের একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশি। ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাইকে সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাসের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় অংশ বিএনপিকে ভোট দিয়ে সমর্থন জানিয়েছেন। ভবিষ্যতেও বিএনপির পাশে থাকার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান। বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












