জুলাই মাসে মৃদু তাপপ্রবাহ যেমন বয়ে গেছে, তেমনি অতি ভারি বর্ষণে বন্যা, পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। আবহাওয়া অধিদপ্তর গতকাল রোববার চলতি মাসের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিয়েছে, তাতে তাপপ্রবাহ, নিম্নচাপ ও স্বল্পমেয়াদী বন্যার কথা বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম বলেন, চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময় একটি–দুইটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। খবর বিডিনিউজের।
মমিনুল ইসলাম বলেন, আগস্ট মাসে বিচ্ছিন্নভাবে দুই–একটি মৃদু (তাপমাত্রা ৩৬–৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (৩৮–৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। ভারি বর্ষণের কারণে স্বল্পমেয়াদী বন্যারও আভাস রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গেল মাসে স্বাভাবিকের চেয়ে ৩৫.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে। তিনটি লঘুচাপ তৈরি হয়, যার মধ্যে দুটি নিম্নচাপে রূপ নেয়। চট্টগ্রামে ৮ জুলাই সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। ভারি বর্ষণ ও উজানের ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় বিস্তীর্ণ অঞ্চলে। দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি, ঢল, বন্যা ও পাহাড় ধসে অন্তত অর্ধশতাধিক প্রাণহানি ঘটে। এসময় চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলাসহ সাত জেলায় পানিবন্দি হয়ে পড়ে লাখো পরিবার।












