‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’ উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তুলি’ এই প্রত্যয়ে কক্সবাজারের পেকুয়ায় চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
গত ৪ অক্টোবর পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও আন্তর্জাতিক পরিবেশ সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিন, লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতির রাজাখালী ইউনিয়ন সভাপতি আবদুল হালিম, প্লানেটিয়াস ক্লাবের কো–অর্ডিনেটর জিহাদুল ইসলাম জিহাদ প্রমুখ।
একইদিন পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনে পৃথকভাবে চারা বিতরণ কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মারুমা দিদার, সিনিয়র আইসিটি শিক্ষক জাহাঙ্গীর আলম, শিক্ষক আবিদ ইসলাম ও অরিন্দন দেবনাথসহ শিক্ষক–শিক্ষার্থী ও স্থানীয়রা।
দুই কর্মসূচিতেই পরিবেশের ভারসাম্য রক্ষা, উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। পরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।











