ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিজিএমইএ চট্টগ্রামে মিলাদ ও দোয়া মাহফিল

| রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে পোশাকশিল্পের প্রয়াত শ্রমিক, কর্মচারী ও মালিকবৃন্দের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১ অক্টোবর বিজিএমইএ ভবনে আয়োজিত এ মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের স্ট্যান্ডিং কমিটি অন রিলিজিয়াস অ্যাফেয়ার্সের চেয়ারম্যান কাজী শফিকুল ইসলাম টিটু।

এতে বিজিএমইএ’র পরিচালক ও প্রাক্তন প্রথম সহ–সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। তাঁর শিক্ষা আমাদের ন্যায়, সততা, মানবিকতা ও পারস্পরিক দায়িত্ববোধের পথে চলতে অনুপ্রাণিত করে।

তিনি বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে তৈরি পোশাকশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ শিল্পের অগ্রযাত্রায় শ্রমিক, কর্মচারী ও মালিক সবার অবদান রয়েছে। তিনি প্রয়াতদের রুহের মাগফেরাত কামনা এবং অসুস্থদর দ্রুত আরোগ্য কামনা করেন। বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের সহ–সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, মহানবী (সা.) তাঁর জীবনাদর্শের মাধ্যমে মানবজাতিকে শান্তি, ন্যায়, সহমর্মিতা ও কল্যাণের শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও কর্মক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, সমপ্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব। মাহফিলে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন বিজিএমইএ’র পরিচালক মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর।

এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক সাকিফ আহমেদ সালাম ও এনামুল আজিজ চৌধুরী, প্রাক্তন পরিচালক খন্দকার বেলায়েত হোসেন ও মোহাম্মদ আতিক, স্ট্যান্ডিং কমিটি অন রিলিজিয়াস অ্যাফেয়ার্স–এর কো–চেয়ারম্যান ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ। মাহফিলে দেশ, জাতি, পোশাকশিল্পের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনজরুলের অসাম্প্রদায়িকতা ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত