কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং প্রতিরোধমূলক ধারায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ইসলামাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আউলিয়াবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমিনা খাতুন (৪২) নামের এক নারী মাদক ব্যবসায়ীর বসতঘর থেকে ৬০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৬০ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ঈদগাঁও থানায় মামলা (নং-১৩, তারিখ: ১৬/০৫/২০২৬) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে পৃথক অভিযানে লোহাগাড়া থানার একটি মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কায়েস মিয়া প্রকাশ কাউসার এবং দ্রুত বিচার আইনের সিআর পরোয়ানাভুক্ত মোহাম্মদ ইয়াছিনকে গ্রেফতার করা হয়।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন শফিকুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ রফিকুল ইসলাম (২৮), উভয়েই পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকার বাসিন্দা।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার জানিয়েছেন, মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।












