চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শনিবার (১৬ মে) নগরীর পাঁচলাইশ ও হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকার মো. শামসুল হকের ছেলে মো. আছান উল্লাহ ওরফে হাসান (৩৫), ফেনী জেলার সালধর এলাকার নাছির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম ওরফে আসিফ (২১) এবং ফেনীর পরশুরাম থানার রেজাউল হকের ছেলে হাসানুর রাহি (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় জাল টাকা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আছান উল্লাহ ওরফে হাসানকে আটক করা হয়। পরে তার বহন করা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
অপরদিকে, একইদিন রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী থানার আলীপুর আব্বাসিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ও হাসানুর রাহিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।













